জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল হাইতির উদ্দেশ্যে যাত্রা করেছে। বৃহস্পতিবার সেনাসদস্যদের এই দলটি দেশ ত্যাগ করে।
এর আগে সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।





