সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে সরকারি চাকুরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বিভাগীয় মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে কাজী মিজানুর রহমানের পরিচয় হয়। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে।
বিভাগীয় নথির সারসংক্ষেপে বলা হয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে জড়ানোর বিষয়টি উঠে এসেছে। তদন্তে আরও উল্লেখ করা হয় যে, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয় এবং তদন্তে তা প্রমাণিত হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির গত ২৫ অক্টোবরের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে।





