শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় মামলা

Published: October 2, 2026, 10:16 am

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (BG-338) থেকে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, তিনি নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা এবং মারধরের হুমকি দেন। এ সময় তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকেও অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে মামলার তদন্ত চলছে। সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন এবং ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh