ভারতের আগরতলা থেকে কলকাতায় যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অবতরণের পর উড়োজাহাজে থাকা অসুস্থ ওই নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত ভারতীয় নারীর নাম অঞ্জনা ভৌমিক। উড়োজাহাজটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এ ছাড়া উড়োজাহাজটির দুই পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন।
তালিকার তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এই এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে যাওয়ার পর পাইলটরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে গিয়েছিল, জরুরি অবতরণের সময় ঠিক কতটা ছিল এবং ওই নারীর মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।





