রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে দায়িত্বে থাকা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড় ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে প্রাঙ্গণের ভেতরে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের সময় ককটেলের একটি অংশের আঘাতে থানার প্রবেশফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্য আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। হামলার পর পরই সটকে পড়ায় এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে রোববার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও তার আশপাশের এলাকাগুলোতেও প্রায় একই ধরনের অস্থিরতা দেখা যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঢাবির অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, আজ রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সিআইডি ও এসবি কার্যালয় প্রাঙ্গণের এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





