জয়পুরহাটে ‘ইত্যাদি’র শ্যুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরি, আটক ১

Published: November 8, 2026, 8:49 am

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন বহু দর্শক। জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠানটি চলাকালে ভিড়ের সুযোগ নিয়ে পেশাদার পকেটমার ও চোর চক্র দর্শকদের প্রায় দুই শতাধিক মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ মাঠে গত শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ইত্যাদির এই দৃশ্যধারণ পর্ব পরিচালিত হয়। হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই দূর-দূরান্তের দর্শকরা মাঠে জমা হতে থাকেন। এক পর্যায়ে সেখানে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠান ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে আড়াই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট সদস্য এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মোতায়েন ছিলেন। তবে এত নিরাপত্তার মধ্যেও সক্রিয় হয়ে ওঠে সুসংগঠিত চোর চক্রটি।

অনুষ্ঠান চলার সময় ভিড়ের মাঝে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজেরদের সঙ্গে থাকা ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। ঘটনার পরপরই বহু ভুক্তভোগী প্রতিকার চেয়ে স্থানীয় থানায় ছোটেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ দায়ের করেছেন। পুলিশের ধারণামতে, সব মিলিয়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০ ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চুরির সময় গোলাম রতন (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগী দর্শকদের কাছ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy