‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুদীপ দাশ রিংকুর পরিচালনায় সভায় একাধিক স্থানীয় কর্মকর্তা ও প্রতিনিধি অতিথ হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী ও উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল মুকিত এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রজিপ) নাজমুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন, নতুন আত্মকর্মসংস্থান তৈরি এবং সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সমবায় খাত অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান অতিথিরা।





