হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমানে জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার

Published: November 8, 2026, 6:15 am

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের একে অপরের জাহাজে হামলার জেরে অঞ্চলটিতে অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা ওই জাহাজ থেকে ২২ জনকে নিরাপদে উদ্ধার করেছে। ক্রুদের কাছ থেকে খবর পাওয়ার পর তাদের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে আরব বংশোদ্ভূত ২২ জনকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার পর স্থিতিশীল অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। তবে বিবৃতিতে আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছিল, হরমুজ প্রণালির কাছে দুটি তেলের ট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি-র ভাষ্যমতে, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম বন্ধ রেখে অননুমোদিত রুট ব্যবহারের চেষ্টা করছিল। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে, তবে এগুলোকে সরাসরি হামলা হিসেবে নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে, এগুলো ইরানের সামরিক মহড়া বা নতুন কোনো যুদ্ধের প্রস্তুতির অংশ হতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ওই এলাকাগুলোতে হামলার কথা নিশ্চিত করেনি। তবে বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা চালাচ্ছে এবং এর জবাবে ইরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই অঞ্চলে জাহাজগুলোতে হামলা করছে বা আটকে দিচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার কারণে অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin