ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও সুসংহত করতে নতুন কৌশলে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। এতদিন মূলত সমুদ্রপথে অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা চললেও, এবার যুক্তরাষ্ট্রের নজর পড়েছে দেশটির স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগরের দিকে। ইরানের অস্ত্র সরবরাহ, সামরিক প্রযুক্তি পরিবহন এবং নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্যের পথ বন্ধ করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স ‘আয়রন গেট’ (Task Force Iron Gate)।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই নতুন উদ্যোগটি নিয়েছে, যার মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং তাদের অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের নেটওয়ার্ককে দুর্বল করা। প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে গঠিত এই বিশেষ টাস্ক ফোর্সটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে অবস্থান করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত ৭ নভেম্বর কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এই নতুন ইউনিটটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাদের প্রধান লক্ষ্য হবে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি (ডুয়াল-ইউজ টেকনোলজি), নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং যুক্তরাষ্ট্রের ভাষায় অবৈধ আয়ের উৎসগুলোর চলাচল পর্যবেক্ষণ ও প্রতিরোধ করা।
টাস্ক ফোর্স গঠনের বিষয়ে অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট গঠন সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও সুসংহত করবে।’





