মজুরি বাড়াতে সম্মতি, গাজীপুরে পোশাক কারখানায় উৎপাদন শুরু

Published: November 8, 2026, 4:59 am

টানা কয়েক দিনের উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটিয়ে আজ রোববার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সম্মতি জানানোয় কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। ফলে শ্রীপুর উপজেলাসহ পুরো শিল্পাঞ্চলেই কেটে গেছে কয়েক দিনের চরম অচলাবস্থা।

রোববার সকাল থেকেই নির্ধারিত সময়ে কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, ভবানীপুর ও বাংলাবাজারসহ গাজীপুরের বিভিন্ন এলাকার কারখানাগুলোতে দলে দলে কাজে যোগ দেন শ্রমিকরা। আন্দোলন পরিহার করে তারা সন্তোষজনক পরিবেশে কাজে ফেরায় আবার সচল হয়ে উঠেছে উৎপাদন চাকা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। আর বর্ধিত কাঠামোর এই বেতন শ্রমিকরা প্রথম হাতে পাবেন ২০২৪ সালের জানুয়ারি মাসে।

কারখানায় উৎপাদন শুরু হলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অসন্তোষ এড়াতে পুরো শিল্পাঞ্চলজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে ও বিশৃঙ্খলা এড়াতে আজ ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

গাজীপুর শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়ক ও কারখানার আশপাশের প্রতিটি পয়েন্টে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। কারখানা কর্তৃপক্ষ ও সাধারণ শ্রমিকদের মতে, মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে, যা দেশের প্রধান রপ্তানি আয়ের এই খাতে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy