প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান

Published: November 7, 2026, 1:20 pm

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও এক সময়ের শীর্ষ অভিনেত্রী রিচি সোলায়মান দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন। তার সাবলীল অভিনয় আজও দর্শকদের মাঝে সমানভাবে আলোড়ন সৃষ্টি করে। জীবনের প্রয়োজনে স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যে অবস্থান করলেও বছরের বেশিরভাগ সময় দুই সন্তানকে নিয়ে ঢাকাতেই থাকেন তিনি। সেখানে সন্তানদের পড়াশোনা ও নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ভালো গল্পের নাটকেও কাজ করছেন এই অভিনেত্রী। তবে এবার নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয়ের জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি—প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়।

নতুন এই চলচ্চিত্রটির নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করছেন অভিনেতা ও নির্মাতা রাজীব সালেহীন। নির্মাতার মানসম্মত কাজের কারণে দর্শকদের তার প্রতি আলাদা এক আস্থা রয়েছে। ফলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের প্রথম সিনেমা দেখার জন্য ভক্ত ও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমার বিষয়ে আপাতত গোপনীয়তা রক্ষা করা হলেও প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, হ্যাঁ, ‘রবি ইন ঢাকা’ সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে এখনই আমার চরিত্র কিংবা সিনেমা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। খুব শিগগিরই সিনেমার পুরো টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে, সেই পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে।

নাটকে অভিনয় অব্যাহত রাখা প্রসঙ্গে রিচি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে তিনি নিয়মিতই কাজ করতে চান। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার অন্যনাম তুমি’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন তিনি। রিচি বলেন, পেশাগতভাবে আমি এখনও একজন অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি ও স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত-দর্শকদের সবসময় আবদার থাকে আমি যেন নাটকে নিয়মিত থাকি। তাই ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে নতুন নায়ক-নায়িকা খোঁজার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচি সোলায়মান। তিন সদস্যের বিচারক প্যানেলে থেকে তরুণ প্রতিভাদের মূল্যায়নে ভূমিকা রাখেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh