জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Published: November 7, 2026, 8:52 am

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন সদস্যসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের অভিমুখে যাচ্ছিল। একই সময়ে জামালপুর দিক থেকে মেলান্দহের দিকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন এক ব্যক্তি। পথে বুরুঙ্গা এলাকায় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই ট্রাকটি অটোরিকশাটিকেও চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা মোরশেদ আলম (২৫) মারা যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশায় থাকা তার স্ত্রী ইকরামা (২৩) ও আট মাস বয়সী শিশুকন্যা রিফাকে আশঙ্কাজনক অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান। এছাড়া মোটরসাইকেল আরোহী মেলান্দহ উপজেলার বকুলতলার বাসিন্দা শওকত হাসান লিখনকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত শিহাটা এলাকার মৃত লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫) এবং মো. শাকিল মিয়াকে (১৬) প্রাথমিক উদ্ধার শেষে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকেরা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin