মনিরামপুরে নদীতে মিলল বস্তাবন্দি ঘের ব্যবসায়ীর মরদেহ

Published: November 7, 2026, 12:31 pm

যশোরের মনিরামপুরে নদীর পানি থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হেলারঘাট এলাকার রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। বস্তার ভেতরে মানুষের মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় রঞ্জনের পরনে কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। তার চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। এছাড়া শার্টের পকেটে একটি কলম ও ডায়েরিও পাওয়া গেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ ও এর পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানিয়েছেন, নদীর পানি থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অনুসন্ধান শুরু করেছে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin