ঢাকায় আজ যেসব রাস্তায় যানজটের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ ট্রাফিকের

Published: November 7, 2026, 8:45 am

রাজধানীতে আজ শনিবার একাধিক বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক আয়োজনের কারণে বেশ কিছু সড়কে যানবাহনের চাপ বেড়েছে। ট্রাফিক বিভাগ বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও এবং এর আশপাশের রাস্তায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। যেসব যাত্রী এই এলাকাগুলো দিয়ে যাতায়াত করবেন, তাঁদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্ট বেলা তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের উপকমিশনার রফিকুল ইসলাম জানান, কনসার্টের মঞ্চ তৈরির জন্য এই লেন বন্ধ করা হয়েছে এবং বিপরীত লেনে মাঝখানে পার্টিশন দিয়ে উভয় দিকের যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

একই সঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলের দিকে আসার কথা রয়েছে। এ কারণে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট এবং মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে বিকেলে যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের উপস্থিতির কারণে বাণিজ্য মেলার মাঠ ও তেজগাঁও এলাকায় সকাল থেকেই যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্রাফিক পরিস্থিতি নিয়ে উপকমিশনার রফিকুল ইসলাম আরও বলেন, ছুটির দিন হওয়ায় সামগ্রিক চাপ কিছুটা কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক ডাইভারশন দেওয়া হতে পারে। মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করতে হলে শ্যামলীর দিক থেকে আসা গাড়িগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। তবে পুলিশের মূল লক্ষ্য থাকবে গাড়ি ঘুরিয়ে না দিয়ে চ্যানেলিংয়ের মাধ্যমে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখা। অনুষ্ঠান চলাকালীন রাত ১২টা পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা মাঠে নিয়োজিত রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo