স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন রোগী, অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৪১ জন।
শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জনে দাঁড়িয়েছে।





