বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কুরবানির শিক্ষা ধারণ করে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ এবং মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, সংগঠনের অগ্রযাত্রা এবং লক্ষ্য অর্জনের জন্য বাস্তবতার নিরিখে পরিকল্পিত কর্মপন্থা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে সকল স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক, জ্ঞানগত ও সাংগঠনিক যোগ্যতার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে। জামায়াতের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দীর্ঘকাল ধরে নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন, যা সংগঠনের জন্য বড় অনুপ্রেরণা।
অনুষ্ঠানে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।
এ ছাড়া সমাবেশে মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, মজলিসে শূরার সদস্যসহ বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন। তিনি বলেন, সবার মূল্যবান পরামর্শ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সিলেট মহানগর জামায়াতকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে চান তিনি।





