বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে নামকরণ করা চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামে থাকা একটি জাহাজ রয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজটি ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ হিসেবে পরিচিত হবে। পাশাপাশি ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কোস্টগার্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর গত বুধবার মন্ত্রণালয় চিঠি দিয়ে কোস্টগার্ডকে এই নতুন নামগুলো ব্যবহারের নির্দেশনা দেয়।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, যে চারজন ব্যক্তির নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে শহীদ হয়েছিলেন।





