রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী, রাতে বিকট শব্দে আতঙ্ক

Published: September 19, 2026, 1:30 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে রাতে শহরটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে পুরো রাজধানীজুড়ে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যেই শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের ওই এলাকায় আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ উড়ে যাচ্ছে। ছবিতে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও স্পষ্ট দেখা গেছে। তবে ধোঁয়ার মূল উৎস কী এবং রাতের বেলা কেন সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি সৌদি সরকারের মিডিয়া অফিস।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ এবং এর পূর্বে অবস্থিত আল-খারজ শহরের নাগরিকদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা পাঠায়। পরবর্তীতে শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে ‘সব ঠিক আছে’ জানিয়ে সেই সতর্কতা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানান, সতর্কতা প্রত্যাহারের আগে তিনি বিকট একটি বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin