এশিয়ান ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফোক ফিয়েস্তা ২০২৬

Published: November 2, 2026, 6:21 pm

বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘এইউবি ফোক ফিয়েস্তা ২০২৬’। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘এইউবি কালচারাল ক্লাব (এইউসিসি)’ এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। দিনব্যাপী এই আয়োজনে রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সরকারি সংগীত কলেজ, সাভারের লেজেন্ড কলেজ, কালিয়াকৈর সরকারি কলেজ, হাজী ইউনুস আলী কলেজ এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজসহ ১০টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রতিযোগীরা লোকসংগীত ও লোকনৃত্যের পৃথক প্রতিযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন এবং দেশের লোকসংস্কৃতির বৈচিত্র্যময় রূপ অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলেন। পুরো আয়োজনটি পরিচালিত হয়েছে এইউবি কালচারাল ক্লাবের মেন্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে। এছাড়া অনুষ্ঠানটি সফল করতে ক্লাবের সভাপতি নাহিয়ান জামান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাব্বি এবং ক্লাবের নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা বিশেষ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আব্দুল কাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত কলেজগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আন্তঃকলেজ লোকসংগীত ও লোকনৃত্য প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের বিমোহিত করে। প্রতিযোগিতার শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী সব কলেজকে সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রতিযোগীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এরপর এইউবি কালচারাল ক্লাবের সদস্যদের পরিবেশনায় এক জমজমাট সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এ ধরনের আন্তঃকলেজ সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সুদৃঢ় বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে আমাদের আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy