আন্তর্জাতিক ক্রিকেটের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হতে চলেছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড গঠনের লক্ষ্যে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রিকেটার এবং টুর্নামেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন উপস্থিত থাকবেন। গত সপ্তাহে অংশগ্রহণকারী দলগুলোর নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছিল, এবার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
এবারের আসরের জন্য আফগান ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। দীর্ঘ মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ার পর তাদের মধ্য থেকে ৪৬২ জনকে ড্রাফটের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই খেলোয়াড়দের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে: প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং। ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর সামনে এই তালিকা উপস্থাপন করা হবে এবং নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রয়োজনমতো স্কোয়াড গঠনের সুযোগ পাবে।
ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবারের আসরে বেশ নজর কেড়েছে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটেগরিতে মোট ১০ জন বাংলাদেশি তারকার নাম রয়েছে। প্লাটিনাম ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। ডায়মন্ড ক্যাটেগরিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম।
প্লাটিনাম ক্যাটেগরিতে বাংলাদেশিদের পাশাপাশি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও আকিল হোসেন, ইংল্যান্ডের মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস ও জেমস ভিন্স, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা ও মহীশ থিকশানা, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে ও ডোয়াইন প্রিটোরিয়াসসহ আরও অনেকে রয়েছেন।
ডায়মন্ড ক্যাটেগরিতেও রয়েছে দীর্ঘ তারকা তালিকা। এই তালিকায় ইংল্যান্ডের লিয়াম ডসন, ডেভিড মালান ও রিস টপলি, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন ও শেলডন কটরেল, নিউজিল্যান্ডের কলিন মুনরো, শ্রীলঙ্কার কুশল পেরেরা, দুশমান্থা চামিরা, কাসুন রাজিথা ও কামিন্দু মেন্ডিস, আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও পল স্টার্লিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, ব্র্যান্ডন মাভুতাসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা রয়েছেন।





