পোশাক খাতে অস্থিরতার ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সালাহউদ্দিনের

Published: November 2, 2026, 6:56 am

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হলেও আন্দোলনের নামে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের আইনশৃঙ্খলা বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ইন্ধনদাতাদের কঠোর হস্তে দমনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আমরা অত্যন্ত কঠোর ভাষায় বলে দিতে চাই— যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সাম্প্রতিক সময়ে সড়ক-মহাসড়ক অবরুদ্ধ করে অগ্নিসংযোগ ও সহিংসতার ভিডিও ক্লিপসহ সচিত্র প্রমাণ সংগ্রহের কথা জানিয়ে তিনি জানান, ইতোমধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় আনা শুরু হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার নেপথ্যে থাকা উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত কিছুদিন ধরে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করছে। এসব ঘটনার পেছনে দুঃখজনকভাবে কিছু শিল্প ও মিল মালিক এবং শ্রমিক কল্যাণের নামে গড়ে ওঠা কিছু প্রশ্নবিদ্ধ শ্রমিক সংগঠনের লোকজন জড়িত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার মালিকপক্ষের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ করা কারখানার তালিকা এবং অস্থিরতায় জড়িত শ্রমিক সংগঠন ও নেতাদের তালিকা চেয়েছে। একইসঙ্গে তিনি জানান, মালিকদের সঙ্গে সকালে বৈঠকের পর বেলা ৩টায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সূচি নির্ধারিত রয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ড সম্পর্কিত তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোববার গঠিত এই বোর্ড দ্রুতই আলাপ-আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ করবে। প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনার নির্দেশনা দিয়েছেন। পোশাক খাতে ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি কার্যকর হয়েছিল ডিসেম্বরে, যার তিন বছরের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। ওই সময় মজুরি ৫৬.২৫ শতাংশ বাড়ানো হয়েছিল, যা আগে ছিল ৮ হাজার টাকা।

প্রকৃত শ্রমিকরা এসব নাশকতায় জড়িত নন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম মন্ত্রণালয় শুরু থেকেই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল। আর্থিক সংকট বা রপ্তানি আদেশ কমে যাওয়ার কারণে কিছু কারখানা এমনিতেই বন্ধ থাকে, তবে সাম্প্রতিক অস্থিরতায় গাজীপুর ও কালিয়াকৈরে এক দিনের জন্য বন্ধ হওয়া কারখানাগুলো সোমবার পুনরায় চালু হয়েছে। কোনো কারখানা বন্ধ হওয়া সরকার সমর্থন করে না উল্লেখ করে তিনি জানান, শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও শিল্প উৎপাদন সচল রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin