কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্যা প্লাবিত চরাঞ্চলের অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার দুর্গম অঞ্চলে প্রায় ৬০০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি তার বক্তব্যে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন এবং এলাকার বিত্তবানদের দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াহীদসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।





