নোয়াখালীতে পুলিশকে মরিচের গুঁড়া ছুড়ে পালালেন ২২ মামলার আসামি ‘পিচ্ছি মাসুদ’

Published: October 31, 2026, 6:21 pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে ২২ মামলার আসামি ও 'সন্ত্রাসী' আনোয়ার হোসেন মাসুদ ওরফে 'পিচ্ছি মাসুদ' (৩৩) পালিয়ে গেছেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মদিনা বাজার এলাকার তবারক আলী ভূঁইয়া বাড়িতে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনাকালে পিচ্ছি মাসুদের স্বজনেরা পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুলতান আহম্মদ আহত হন। হঠাৎ এ হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করে। তবে সেখান থেকে অভিযুক্ত মাসুদের ব্যবহৃত একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা চালানো এবং মরিচের গুঁড়া ছুড়ে আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া পিচ্ছি মাসুদ ওই এলাকার মো. আবুল কাশেম ওরফে আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, মাদক এবং পুলিশের ওপর হামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ মে বিকেলে পিচ্ছি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে মেয়র আবদুল কাদের মির্জার রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন নেতার ওপর অস্ত্র হাতে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy