খিলক্ষেতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

Published: October 31, 2026, 5:14 pm

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আয়োজন এবং মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশটি ২৫ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। অতিরিক্ত ডিআইজি জহিরের এই কর্মকাণ্ডকে ‘শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের’ দায়ে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ১৯ অক্টোবর ভোররাতে, যখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় অবস্থিত ওই কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায়। অভিযানের পর ডিবি জানায়, বাড়িটিতে ডিজে পার্টি ও মাদক সেবন চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছিল। এই ঘটনার পরদিন পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh