এক দফার আগে সরকারের ৭ দফা মেনে নেওয়া উচিত: জামায়াত আমীর

Published: October 31, 2026, 5:12 pm

সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এক দফার আন্দোলনের দিকে যাওয়ার আগেই সরকারের উচিত হবে ৭ দফা দাবি মেনে নেওয়া। ৭ দফার চেয়ে এক দফার প্রভাব ও চাপ অনেক বেশি, যা অতীতে যারাই মুখোমুখি হয়েছে তারা আর উঠে দাঁড়াতে পারেনি। তাই এক দফার বোঝা মাথায় না নিয়ে ভালোয় ভালোয় জনগণের এই ৭ দফা মেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর এসব কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী সংসদ নির্বাচনের আগেই যদি সরকার গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেয়, তবে তারা আর কোনো লংমার্চ করবেন না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট করেন, এই ৭ দফা দাবি কোনো একক দলের বা নেতার নয়, এটি সাধারণ জনগণের দাবি। প্রয়োজন হলে ভবিষ্যতে এক দফার ডাক দেওয়া হবে উল্লেখ করে তিনি সবাইকে এখন থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানান।

বক্তব্যে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণেই দেশের সমস্যাগুলো তৈরি হয়েছে। একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন এবং যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে প্রথম দফাটি সর্বাগ্রে বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ার পর নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা বাস্তবায়নের কথা থাকলেও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায় ছিনতাই করা হয়েছে। একইসঙ্গে সংসদ নির্বাচনের রায়ও ছিনতাই হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতাদের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, বিরোধী পক্ষ পূর্বে নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার জন্য গণভোটসহ সবকিছু মেনে নেওয়ার কথা বলেছিল। কিন্তু গদিতে বসার পর তারা জনগণের সেই রায়কে অস্বীকার, অপমান ও অগ্রাহ্য করেছে। জনগণ তাদের এই রায়ের বাস্তবায়নের মাধ্যমেই উপযুক্ত জবাব নেবে। তিনি শক্ত কণ্ঠে বলেন, এই জাতিকে নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে এবং গণভোটের রায় অস্বীকার করার মাশুল দিতে হবে। কোনো রকম 'যদি' বা 'কিন্তু' ছাড়াই তারা মহান আল্লাহর ওপর ভরসা রেখে এই রায় আদায় করবেন।

সরকারকে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের পথে যারা হাঁটবে, তাদের শেষ পরিণতি দেশ ছেড়ে পালানো কিংবা পালিয়ে বেড়ানো। গত সাড়ে ১৫ বছর ধরে সবাই মজলুম ছিল উল্লেখ করে তিনি বলেন, মজলুমরা আবার জালিম হয়ে উঠুক তা কেউ চায় না, তবে সরকার ইতোমধ্যেই দেশের মানুষের ওপর জুলুম চাপিয়ে দিচ্ছে। জামায়াত আমীর বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গড়া, গণরায় বাস্তবায়ন এবং দলকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করতেই তারা রাজপথে নেমেছেন। জনগণের নিজস্ব দাবি আদায়ে আন্দোলন শুরু হলে তা অর্জিত হবেই।

যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য মুসলেহউদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চাকসুর জিএস ইব্রাহিম রনি প্রমুখ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy