হংকং সিক্সেস টুর্নামেন্টে রূপকথার মতো এক লড়াই উপহার দিয়েও শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সাব্বির রহমানদের। জয়ের সুবাস ছড়িয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় শূন্য হাতেই ফিরতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। দলের হয়ে ওপেনার হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে ২৬ এবং অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে অপরাজিত ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন। ব্ল্যাক সিম্পসনের করা এক ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ৬টি ছক্কা হাঁকান। পরের ওভারের প্রথম বলে রনি ছক্কা মারলে দক্ষিণ আফ্রিকা টানা ৭ বলে ৭টি ছক্কা হজম করে।
জবাবে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দারুণ প্রতিরোধ গড়ে তোলে। প্রোটিয়া ওপেনার জরিচ ভন শালকউইক ২০ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া আয়াবুলেলা গামানে ৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। সেই শেষ বলেই ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় ও ফাইনাল নিশ্চিত করেন শালকউইক।
ম্যাচটিতে বাংলাদেশ ১২৯ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে। দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে জয় পায়। বাংলাদেশের পক্ষে রিজওয়ান ২০ রানে ২ উইকেট এবং রনি ৪১ রানে ২ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবুলেলা গামানে ২৮ রানে ১ উইকেট লাভ করেন।





