কনকাশন নিয়মে সিলেটে দ্বিতীয় টেস্ট থেকে বাদ মুমিনুল, সুযোগ পেলেন অমিত

Published: October 31, 2026, 4:17 pm

মাথায় আঘাত পাওয়ায় কনকাশন প্রটোকলের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না মুমিনুল হকের। সিলেটে হতে যাওয়া এই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুমিনুলের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ডানহাতি ব্যাটার অমিত হাসানকে।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি, তাঁর কনকাশন সাব হিসেবে মাঠে নামানো হয় জাকের আলীকে। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে যেকোনো ক্রিকেটারকে মাঠে ফেরার আগে অন্তত ৭ দিন বাধ্যবাধকতামূলক বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই সিলেট টেস্ট থেকে বাদ পড়তে হলো এই অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটারকে।

মুমিনুলের জায়গায় সুযোগ পাওয়া অমিত হাসানের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল গত জুনে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে। সে টেস্টের প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দলে বিবেচনা করা হয়নি তাঁকে। তবে ঘরোয়া ক্রিকেটে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের হয়ে দারুণ ফর্মে আছেন অমিত; ৫ ইনিংসে ৩৬১ রান করার পথে হাঁকিয়েছেন একটি ডাবল সেঞ্চুরিও।

সিরিজের প্রথম টেস্টে চার দিনের মধ্যেই হেরেছিল বাংলাদেশ। সেই স্কোয়াড থেকে মুমিনুল ছাড়া বাকি সবাই সিলেট টেস্টের বিসিবি ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo