বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১৮ ডলারে উঠে আসে। ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে একের পর এক ট্যাংকারকে কেন্দ্র করে ঘটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজারে অস্থিরতার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী পরিস্থিতিকে। ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন এই আশঙ্কায় যে, নির্বাচনের পর ইরান যুদ্ধের উত্তেজনা আরো বাড়তে পারে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা ও মাইনে আঘাত পাওয়ার খবর সরবরাহ সংকটের আশঙ্কাকে আরো ঘনীভূত করেছে।
বাজারের তথ্যানুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে স্থির হয়েছে। লেনদেনের একপর্যায়ে এই দাম ১১৮ ডলার স্পর্শ করেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দিন শেষে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অক্টোবরে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে চারটি পৃথক ঘটনার তথ্য জানিয়েছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে। এই ঘটনাগুলো তেলের সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।





