স্বৈরাচারী ধারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: নাহিদ ইসলাম

Published: September 19, 2026, 10:59 am

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহাসিক হাটিকুমরুল গোলচত্বরে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দেশে রাজনৈতিক অসদাচরণ এবং পুরোনো স্বৈরাচারী ধারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এ সময় তিনি তারেক রহমানের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র এ দেশের জনগণ সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ আট দফা দাবিতে আন্দোলনরত গণমানুষের আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করে যারা স্বৈরাচারকে মদদ দেওয়ার চেষ্টা করবে, তাদের জনগণ রাজপথেই জবাব দেবে।

হাটিকুমরুল মোড়ে আয়োজিত এই পথসভায় জোটের অন্যান্য শীর্ষ নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ লংমার্চের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পথসভা শেষে ৩ হাজারেরও বেশি গাড়িবহরের লংমার্চটি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin