মানিকগঞ্জে প্রবাসী স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

Published: September 19, 2026, 10:45 am

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছর বয়সী কন্যাসন্তান অ্যালিজা।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রী প্রিয়াঙ্কার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। এরপর দেড় বছর বয়সী শিশুকন্যা অ্যালিজাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছিলেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin