মাভাবিপ্রবিতে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চালু, আন্তর্জাতিক শিক্ষার নতুন দুয়ার

Published: October 30, 2026, 9:10 am

বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যাত্রা শুরু করেছে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA)। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়াতে নতুন এই দপ্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ষষ্ঠ তলায় স্থাপিত এই দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাউদ্দিন টুকু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধন উপলক্ষে দপ্তরের কার্যালয় ও এর আশপাশের এলাকা রঙিন বেলুন ও ফিতা দিয়ে সাজানো হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, OIA-এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করা, দেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এক্সচেঞ্জ ও স্টাডি অ্যাব্রোড প্রোগ্রামের সুযোগ তৈরি এবং ক্রেডিট ট্রান্সফার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্বল্পমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি বাস্তবায়নেও দপ্তরটি কাজ করবে। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার দায়িত্ব পালন করবে এই দপ্তর।

দপ্তরটিতে কর্মকর্তা ও দর্শনার্থীদের জন্য সুসজ্জিত অফিসকক্ষ, দিকনির্দেশনা বোর্ড, আধুনিক কনফারেন্স ও অপেক্ষাগার এবং নারী-পুরুষের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin