গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

Published: October 29, 2026, 5:56 pm

আজারবাইজানের বাকুতে চলমান ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ই-টিয়ারের সেমিফাইনালে আফ্রিকার দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট পর্বের ফাইনালে নাম লিখিয়েছে লাল-সবুজের দল। বাংলাদেশের হয়ে জয়ের একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল। ম্যাচের ১৪ মিনিটে দলের আক্রমণভাগের ডানপ্রান্ত থেকে আসা একটি জোরাল শটের পর ফিরতি বলে হেডের মাধ্যমে গোলটি করেন তিনি।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এখন টায়ার ই-এর ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে। তবে আয়োজকদের নিয়ম অনুযায়ী, মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ- থেকে। বাংলাদেশ যদি এই ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ১২৯তম স্থান অর্জন করবে।

ফাইনালে ওঠার এই যাত্রায় বাংলাদেশ ধারাবাহিকভাবে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে তারা টাইব্রেকারে সিশেলসকে পরাজিত করে। পরবর্তী রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষেও টাইব্রেকারে জয় পায় দলটি। এরপর কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আকবর হোসেন রিদনের শিষ্যরা।

টুর্নামেন্টের গ্রুপপর্বে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটি ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে তাদের। আসর শুরুর ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও, ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দলটি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin