চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে ডনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মফিজুল ইসলাম আশরাফ। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিএমএম আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করেছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান।
সিআইডি তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন তার বাবা। এরপর ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় এবং ২০১৪ সালের ৩ আগস্ট দাখিল করা প্রতিবেদনে হত্যার অভিযোগ নাকচ করা হয়। পরবর্তীতে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি সালমান শাহর মা নীলা চৌধুরী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে ১১ জনের নাম উল্লেখ করে অভিযোগ তোলেন।
র্যাব ও পিবিআইয়ের দীর্ঘ তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইও হত্যার অভিযোগ নাকচ করে প্রতিবেদন দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নীলা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত আসামিদের অব্যাহতি প্রদান করেন। এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক তা মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট থানাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ আগস্ট আদালত র্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।





