দেড় লাখ টন সার, এলএনজি ও পাটের বস্তা কেনার অনুমোদন

Published: October 29, 2026, 8:47 am

কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং কাতার থেকে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে বলে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের চারটি প্রস্তাবই ছিল এমওপি সার আমদানিসংক্রান্ত, যা বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এর আওতায় কানাডা থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে দুটি লটে ৮০ হাজার টন এমওপি সার কেনা হবে। এই দুই লটের সারের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা।

এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির অধীনে রাশিয়া থেকে নবম ও দশম লটে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে নবম লটের ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং দশম লটের ক্ষেত্রে ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা। রাশিয়ার প্রতিষ্ঠান জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এ দুই লটের সার সরবরাহের জন্য সুপারিশকৃত দরদাতা হিসেবে মনোনীত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh