কক্সবাজার শহরের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা বা রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করবে পুলিশ। শহর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নির্মূলে এই কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্যে তিনি পুলিশের এই শক্ত অবস্থান ও কঠোর নির্দেশনার বিষয়টি তুলে ধরেন। সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কক্সবাজার থেকে কিশোর গ্যাং নির্মূলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্পষ্ট জানান, কিশোর অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবে। বিশেষ করে সন্ধ্যা নামার পর শিক্ষার্থী বা তরুণরা অহেতুক আড্ডা ও ঘোরাঘুরি করলে পুলিশ তাৎক্ষণিকভাবে আইনানুগ পদক্ষেপ নেবে।
চট্টগ্রাম বিভাগের খবর, Chattogram Division News





