ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য মাঠে নেমেছেন। সোমবার সকালে জেলা শহরের অপরাজয়-৭১ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছেন বাহিনীর সদস্যরা। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এক সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। এসব সদস্য মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তায় সাধারণ টহলের পাশাপাশি বিজিবির কে-৯ ডগ ইউনিটও কাজ করছে।
ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন কর্নেল সুরুজ মিয়া। তিনি বলেন, সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং অবাধে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সেজন্য প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান ও সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের ২৯ অক্টোবরের এই উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।





