ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি বিউটি পার্লারের মালিক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে ফেসবুকে ওই মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাঁদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা একত্র হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সাথী আক্তারকে আটক করেন এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয়রা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে উত্তেজিত স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।





