ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাজ্যের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে হালিয়াপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, যা রাজধানী লখনৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর কনভয়ের পেছনের দিকে থাকা পাঁচটি গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের দ্রুতগতির লেনে থাকা অ্যাম্বুলেন্সটির সঙ্গে সংঘর্ষের পর একটি স্করপিও গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে এবং গাড়িটি অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে ছিল। ঘটনার সময় রাহুল গান্ধী লখনৌ বিমানবন্দরে অবতরণের পর সুলতানপুরের দিকে যাচ্ছিলেন, যা লখনৌ থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে। গন্তব্যে পৌঁছানোর প্রায় ৩৫ কিলোমিটার আগেই এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় কংগ্রেসের কয়েকজন কর্মী এবং নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে যে রাহুল গান্ধী অক্ষত ও নিরাপদ রয়েছেন। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাহুল গান্ধী সুলতানপুরের একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে মানহানির একটি মামলায় হাজির হওয়ার জন্য যাচ্ছিলেন। ২০১৮ সালের ৪ আগস্ট তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিজয় মিশ্র এই মামলাটি দায়ের করেছিলেন। নির্বাচনী সমাবেশে করা ওই মন্তব্যের জেরে দায়ের করা মামলায় রায় ঘোষণার জন্য আদালতে রাহুল গান্ধীর সশরীরে উপস্থিতি প্রয়োজন ছিল।





