গাজীপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গত রোববার রাতে জয়দেবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জয়দেবপুর থানার দুটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক ২৯ বছর বয়সী আরিফুল ইসলামকে। মামলার অপর চার আসামি হলেন আরিফুলের ভাই শরীফ মিয়া (৩৫), তাঁদের বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। এজাহার অনুযায়ী, আসামিদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ত। আরিফুল নিয়মিত ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা শিক্ষক আরিফুলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।
গত ১০ অক্টোবর সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়। ছাত্রীর বাবা জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন যে শিক্ষক আরিফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে তার মেয়েকে অপহরণ করেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েকে উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





