মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই রণবীর কাপুর অভিনীত বড় বাজেটের চলচ্চিত্র ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংকে ঘিরে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। ভারতের বাজারে ছবিটির মোট অগ্রিম বুকিংয়ের পরিমাণ ১০ কোটি রুপি অতিক্রম করেছে। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৪ অক্টোবর ভারতীয় সময় দুপুর ৩টা পর্যন্ত সিনেমাটির মোট অগ্রিম বুকিং ১০ কোটি ১৫ লাখ রুপিতে পৌঁছেছে। তবে এর মধ্যে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিক্রির জন্য আটকে রাখা বা ব্লক করা আসনও যুক্ত রয়েছে। ব্লকড আসন বাদ দিলে দর্শকেরা প্রকৃতপক্ষে ৭ কোটি ৯৮ লাখ রুপি বা প্রায় ৮ কোটি রুপির টিকিট কিনেছেন।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটির অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। রাজ্যভিত্তিক চাহিদার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, যার পরপরই রয়েছে দিল্লি ও কর্ণাটক। অন্যদিকে দিল্লি-এনসিআর, মুম্বাই ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে অগ্রিম টিকিট বিক্রির গতি লক্ষণীয়। এর পাশাপাশি ছবিটির প্রিমিয়াম পর্দার টিকিটের চড়া মূল্য নিয়েও আলোচনা চলছে। যেমন মুম্বাইয়ের ফিনিক্স প্যালাডিয়ামের পিভিআর আইকনে আইম্যাক্স প্রিমিয়াম আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে। তবে শহর, সিনেমা হল, আসন ও প্রদর্শনীর ধরনের ওপর ভিত্তি করে টিকিটের দামে তারতম্য রয়েছে।
ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও সিনেমাটির টিকিট বিক্রি জোরকদমে চলছে। উত্তর আমেরিকাসহ আন্তর্জাতিক প্রধান বাজারগুলোতে একাধিক দিনের প্রদর্শনী মিলিয়ে ‘রামায়ণ’-এর অগ্রিম বিক্রি ১১ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে স্যাকনিল্ক জানিয়েছে। তবে বহির্বিশ্বের এই হিসাবটি একাধিক দিনের হওয়ায় ভারতের প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সঙ্গে এটি সরাসরি তুলনাযোগ্য নয়। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির দিন কত আয় হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ শেষ কয়েক দিনের বিক্রির গতি এবং আরও কত প্রদর্শনীর টিকিট ছাড় দেওয়া হবে তার ওপরই চূড়ান্ত উদ্বোধনী আয় নির্ভর করছে। এছাড়া ৪ নভেম্বর অর্থের বিনিময়ে আগাম প্রদর্শনীর গুঞ্জন থাকলেও নির্মাতারা তা নিশ্চিত করেননি বা বুকিংও শুরু হয়নি।
আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী ৫ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় এবং আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটে এটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এই বহুল প্রতীক্ষিত ছবিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ হিসেবে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।





