লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে কর্মরত কৃষকদের ওপর বিএসএফ সদস্যরা অতর্কিত হামলা চালায়।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, কয়েকজন বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠিসোটা নিয়ে কৃষকদের ওপর চড়াও হয়। পাল্টা জবাবে স্থানীয় গ্রামবাসী লাঠি হাতে নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করে।
পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল, সাউন্ড গ্রেনেড এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবির টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ ও গুলি বর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
বর্তমানে বামনদল সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিএসএফের দাবি অনুযায়ী পাথর উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।





