ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উদ্ধার করা নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত ১৬ জন হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা সবাই চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া ঘটনাস্থলে আরও ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।





