দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। ওই দামটিও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমেছে। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করেছে বাজুস।





