জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

Published: October 23, 2026, 8:07 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন করতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারে যাওয়ার পথে তার গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে মারা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজার হাজার ইসরায়েলি সড়কে জড়ো হয়েছিলেন এবং তার গাড়িবহরের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে ট্রেন বা রেলসেবাও বন্ধ রাখা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িবহরে বোতল নিক্ষেপ করার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ব্যারিকেড টপকে ভিড়ের মধ্যে ঢুকে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালান। এই পরিস্থিতিতেও নেতানিয়াহুর গাড়িবহর থামেনি, স্বাভাবিক গতিতে এগিয়ে যায়। পরে মাহানে ইয়েহুদা বাজারে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে জন্মদিনের সুর বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। সেখানে নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার উদ্দেশ্যে নাড়তে এবং একপর্যায়ে তা ভিড়ের দিকে ছুড়ে দিতে দেখা যায়।

এই ঘটনার কড়া সমালোচনা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এটিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার উসকানি এবং এই ধরনের আচরণের চরম পরিণতি হতে পারে। বামপন্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী মন্তব্য করেন, কথা মানুষকে হত্যা করতে পারে।

জেরুজালেমের ওই বাজারে যাওয়ার আগে বৃহস্পতিবারই তেল আবিবের হাতিকভা বাজারে গিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে এক ক্ষুব্ধ নাগরিক তাকে প্রশ্ন করেন, আপনি হামাসকে কেন লাখ লাখ ডলার পাঠিয়েছিলেন? উক্ত ব্যক্তি ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করতে গেলে উপস্থিত লিকুদ পার্টির সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, একই বাজারে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ব্যর্থতার দায়ে যারা ক্ষমতায় ছিলেন, তাদের পদত্যাগের দাবি জানাতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় সেখানে মিশেল ইলুজের ওপর হামলার ঘটনা ঘটে, যদিও হামলার মুহূর্তে নেতানিয়াহু সেখানে উপস্থিত ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় আইনাভ জাঙ্গাউকার অভিযোগ করেন, নেতানিয়াহুকে অপ্রিয় সত্য জানাতে তারা সেখানে গিয়েছিলেন। তাদের মতে, ৭ অক্টোবরের গণহত্যার দায় প্রধানমন্ত্রীর এবং ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের পদে থাকার কোনো অধিকার নেই। জাঙ্গাউকার বলেন, বাজারে তাদের বিশ্বাসঘাতক ও রাষ্ট্রের শত্রু বলে গালি দেওয়া হয়, এমনকি তাদের ওপর থুতু ও সবজি ফেলা হয়। শোকাহত পরিবারগুলোর প্রতিবাদ রুদ্ধ করতেই পুলিশ সেখানে পাঠায় কর্তৃপক্ষ।

নিজের ওপর হামলার তীব্র ক্ষোভ জানিয়ে বন্দিদশায় ছেলে হারানো শোকাহত বাবা মিশেল ইলুজ বলেন, একজন ভুক্তভোগী বাবার ওপর সাধারণ নাগরিকদের আক্রমণ চালানো চরম লজ্জাজনক। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী তার ছেলেকে জিম্মিদশায় মৃত্যুর মুখে ফেলে রেখেছিলেন এই প্রতিবাদ জানাতেই তিনি সেখানে যান। আগামী নির্বাচনে ভোটারদের এই ঘটনার কথা মনে রাখার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের তাগিদ দেন। সাবেক জিম্মি রম ব্রাসলাভস্কিও ঘটনায় ক্ষোভ ও বেদনা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ জিম্মি ইলুজের বাবার ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy