সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হুতিদের হামলার দাবি

Published: October 23, 2026, 6:17 am

ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এ ছাড়া বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এই দাবি করেন। বিবৃতিতে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনসারুল্লাহর যোদ্ধারা চারটি হামলা চালিয়েছেন। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে অবস্থিত সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি অনুযায়ী, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে গেছে। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবিও করেছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব যে কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ, যা বিপর্যয়কর ও অপ্রত্যাশিত হতে পারে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে এবং সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত দুজনের একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক। আহত আটজনের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh