গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যু নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। দাবি করা হয় যে, ৪২ বছর বয়সি এই নেতা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। তবে এই জল্পনা-কল্পনার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে সুস্থ অবস্থায় জনসমক্ষে দেখা যায়। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন তার মেয়েকে সঙ্গে নিয়ে একটি পোশাক ও জুতার প্রদর্শনী ঘুরে দেখছেন।
নেতার মৃত্যু নিয়ে এমন ভিত্তিহীন খবর বারবার কেন সামনে আসে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর কোরিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এমন বিশেষজ্ঞদের মতে, দেশটির নেতার মৃত্যু নিয়ে গুজব এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তাদের ভাষ্যমতে, উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম গোপনীয় রাষ্ট্র। দেশটি সম্পর্কে যেকোনো তথ্য যাচাই করা অত্যন্ত কঠিন। এই গোপনীয়তার কারণেই সেখানে নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়ানোর সুযোগ তৈরি হয়।





