নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলি আরব রাজনৈতিক দলগুলো

Published: October 21, 2026, 12:33 pm

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দেশটির আরব রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর নেতারা। মঙ্গলবার উত্তর ইসরায়েলের হাইফা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়েন্ট লিস্টের নেতা ও ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ)-এর প্রধান ইউসুফ জাবারিন, আরব মুভমেন্ট ফর চেঞ্জ (তা'আল)-এর নেতা ও জোটের সংসদীয় ব্লকের চেয়ারম্যান আহমদ তিবি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলি (বালাদ) দলের নেতা সামি আবু শেহাদেহ। হাদাশ, তাল ও বালাদ—এই তিনটি দল নিয়ে জয়েন্ট লিস্ট গঠিত।

ইউসুফ জাবারিন জানান, তাদের জোটের জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে এবং তারা ২৭ অক্টোবরের নির্বাচনে অন্তত ১০টি আসন পাওয়ার আশা করছেন। তিনি জোর দিয়ে বলেন, আরব জনগোষ্ঠীর ভোটদানের হার বাড়ানো গেলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জাবারিনের মতে, আরব সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধিই নেতানিয়াহু সরকারের অপসারণ নিশ্চিত করবে। এছাড়া আরব নাগরিকদের নিরাপত্তা, অপরাধ ও সহিংসতা মোকাবিলা, বাড়িঘর ভাঙার নীতির বিরোধিতা এবং সামাজিক-অর্থনৈতিক অধিকার রক্ষা তাদের জোটের মূল অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

তা'আল নেতা আহমাদ তিবি বলেন, নেতানিয়াহু এবং তার সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তির ক্ষমতায় ফিরে আসা ঠেকানোই তাদের প্রধান লক্ষ্য। তিনি স্বীকার করেন যে, বিকল্প সরকার হয়তো আরব জনগোষ্ঠীর আদর্শ সরকার নয়, তবে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের জন্য এই রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তাদের অভিযোগ, আবাসন, অপরাধ দমন, সরকারি পরিষেবা এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব ইস্যু এবার নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরব নেতারা একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমাধানের পথ তৈরি এবং আরব নাগরিকদের প্রতি বৈষম্য অবসানের দাবি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট এবং বিরোধী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যেখানে আরব দলগুলোর আসন ও সমর্থন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিরোধী শিবিরের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন অংশটি আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছে। তবুও আরব নেতারা মনে করছেন, নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হলে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh