পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের একাংশের বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অনেক জ্যেষ্ঠ আমলা সরকারি দায়িত্ব পালনরত অবস্থায়ই কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, সাম্প্রতিক বছরগুলোতে আমলাদের দেশত্যাগের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল। এসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছেন খাজা আসিফ। তিনি অভিযোগ করেন, এসব আমলা বড় অঙ্কের অর্থের বিনিময়ে স্থায়ী বসবাসের অনুমতি বা পিআর জোগাড় করেছেন অথবা করার চেষ্টা করছেন।
খাজা আসিফ আরও অভিযোগ করেন, প্রভাবশালী আমলাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্যমতে, রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ এসব আমলা বৈধ ও অবৈধ—উভয় পথেই সম্পদের পাহাড় গড়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন, পুরো কর্মজীবনে পাকিস্তানের প্রতি এসব কর্মকর্তার আনুগত্য নিয়ে কোনো সংশয় ছিল কি না এবং তারা পাকিস্তানকে স্থায়ী নিবাস মনে করেন নাকি কেবল সাময়িক ঠিকানা। তবে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং বিবৃতিতে কোনো নির্দিষ্ট নাম বা প্রামাণ্য নথি দেওয়া হয়নি।





