দৌলতখানে সংঘর্ষে নারীকে পিটিয়ে হত্যা, মামলা দায়েরের পর গ্রেপ্তার ২

Published: September 19, 2026, 3:43 am

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধ ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগম।

দৌলতখান থানা পুলিশ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির বাসিন্দা কাশেম, তার ছেলে ইকবাল ও স্ত্রী রাজিয়া বেগমের সঙ্গে নিহতের দেবর বজলুর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উভয় পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষ থামাতে রাসু বেগম এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে নিহত রাসু বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে তার মেয়ে রুবিনা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় মো. কাশেম, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে আসছমা ও তার জামাতা মাকসুদকে আসামি করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin