ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা, অক্ষত প্রধানমন্ত্রী

Published: October 16, 2026, 2:35 am

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। হামলার সময় প্রাসাদের অভ্যন্তরে দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার নিশ্চিত করেছে যে, এই হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সবাই পুরোপুরি নিরাপদে রয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাশিক প্রাসাদের কাছাকাছি এলাকায় পরপর অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটে। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাণভয়ে স্থানীয় বাসিন্দাদের অনেককেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যেতে দেখা যায়।

এদিকে হামলার পরপরই এর দায় স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির নিজস্ব সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত সামরিক তৎপরতাকে নিশানা করেই তারা এ অভিযান পরিচালনা করেছে। হুথিদের দাবি, প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদামই ছিল তাদের মূল লক্ষ্যবস্তু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh